চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন
কারাগার কেবল শাস্তির স্থান নয়, বরং এটি সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কারাগার কেবল শাস্তির স্থান নয়, বরং এটি সংশোধনাগারও। কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, “কেউ গ্রেফতার হলেই তিনি অপরাধী নাও হতে পারেন। অনেক সময় সামাজিক ও রাজনৈতিক কারণে মিথ্যা মামলায়ও মানুষ গ্রেপ্তার হয়। যতক্ষণ আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত না হন, ততক্ষণ তাকে অপরাধী বলা যাবে না।”
তিনি জানান, ব্রিটিশ আমলে নির্মিত এই কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। তিনি কারা কর্তৃপক্ষকে আরেকটি ইউনিট চালু করে স্থান সংকুলানের পরামর্শ দেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্থান না থাকায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “কারাগারে কোনো উপাসনালয় নেই— না মুসলমানদের জন্য, না হিন্দুদের জন্য। কমপক্ষে একটি করে কক্ষ বরাদ্দ দিয়ে বন্দিদের উপাসনার ব্যবস্থা করা জরুরি।” তিনি এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা আশ্বস্ত করেন।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ করে বন্দিদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। এতে অপরাধপ্রবণতা হ্রাস পাবে।”
কারাগার আধুনিকীকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা, দর্শনার্থীদের অনলাইনে সময়সূচি প্রদর্শন ও অন্যান্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”
পরিদর্শনে ডিআইজি প্রিজন টিপু সুলতান, সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম ও বেসরকারি কারা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
পরে আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।














