চট্টগ্রামের বিশিষ্ট আলেম হাফেজ মুহাম্মদ তৈয়ব আর নেই
- আপডেট সময় : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সেগুন বাগান তা’লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার চেয়ারম্যান ও শায়খুল হুফফাজ হাফেজ মুহাম্মদ তৈয়ব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সোমবার সকাল ৮টার দিকে নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ আসর চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় অবস্থিত সেগুন বাগান মাদরাসায় অনুষ্ঠিত হবে।
হাফেজ মুহাম্মদ তৈয়ব ছিলেন মজলিসুল কুররা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তালিমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি কুরআন শিক্ষার প্রসারে নিবেদিত ছিলেন এবং চট্টগ্রাম শহরে দীনের খেদমতে অসংখ্য প্রতিষ্ঠানিক অবদান রেখে গেছেন।
তার ইন্তেকালে ছাত্র, ভক্ত, সহকর্মী ও অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলেছেন, তিনি ছিলেন একজন অভিভাবকসম আলেম, যিনি সর্বদা উম্মাহর কল্যাণে নিবেদিত ছিলেন। কোনো আলেম বা হাফেজ বিপদে পড়লে তিনি নিজের মতো করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
বিভিন্ন মাসলাকের আলেমদের মধ্যেও তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তিত্ব।
















