কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় হজযাত্রী আটক, বিশ্বজুড়ে নিন্দা
- আপডেট সময় : ০১:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি সংহতি প্রকাশ করায় এই গ্রেপ্তারের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।
মিডল ইস্ট মনিটর-এর বরাতে জানা যায়, আটক ব্যক্তি গাজায় চলমান ইসরায়েলি অবরোধ ও ক্ষুধার অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক হজযাত্রী আবেগঘন কণ্ঠে বলছেন, “ও ইসলামে!”—একটি ঐতিহাসিক শব্দবন্ধ, যা মুসলিমরা বিপদের সময়ে ব্যবহার করে থাকেন। তিনি আরও বলেন, “গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!” এর পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে ঘিরে ধরে আটক করেন।
সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও ওমরাহর সময় যেকোনো ধরনের রাজনৈতিক স্লোগান, পতাকা বা প্রতীক নিষিদ্ধ; এটি ইবাদতের পবিত্রতা রক্ষার অংশ।
তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই নীতির মাধ্যমে সৌদি সরকার মূলত মুসলিম সংহতির অভিব্যক্তি দমন করছে। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ যেন সেখানে অপরাধে পরিণত হয়েছে।
এমন ঘটনা নতুন নয়। ২০২৩ সালেও একজন ব্রিটিশ হজযাত্রীকে আটক করা হয়েছিল, কারণ তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ ও সাদা কেফিয়েহ ব্যবহার করেছিলেন।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে রাজনৈতিক বক্তব্যের স্বাধীনতা ক্রমাগত সংকুচিত হচ্ছে। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে রাজপরিবার বা পররাষ্ট্রনীতির বিরোধিতায় শান্তিপূর্ণ বক্তব্য দিলেও বহু নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কাবা প্রাঙ্গণে এই হজযাত্রীকে আটকের ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ আরও বেড়েছে। সমাজ ও মানবাধিকারকর্মীরা প্রশ্ন তুলছেন—ইসলামের পবিত্রতম স্থানেও কি এখন মুসলমানেরা আর ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ তুলতে পারবেন না?
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর















