বাংলাদেশের আসিয়ানে সদস্যপদ চাওয়ায় মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ১২:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সক্রিয় সমর্থন কামনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা এবং পিপল’স জাস্টিস পার্টির (PKR) ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এ ক্ষেত্রে আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।”
২০২০ সালে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করে। বর্তমানে আসিয়ানের চেয়ার হিসেবে মালয়েশিয়া দায়িত্ব পালন করায় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশটি এই আবেদনকে সামনে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে নুরুল ইজ্জাহ ঢাকায় মিলস্টোন স্কুলে যুদ্ধবিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি।”
সাক্ষাতের শুরুতেই প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে তার নতুন রাজনৈতিক পদে উন্নীত হওয়ায় অভিনন্দন জানান।
তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরে বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা বুকে গুলি খেয়েছে এবং ফ্যাসিবাদী হাসিনা শাসনকে বিদায় করেছে। এটি তরুণদের নেতৃত্বে শুরু হলেও পরে সব শ্রেণির মানুষ এতে অংশ নেয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের চেতনায় প্রাচীর ও রাস্তা রাঙিয়েছে।”
এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “এশিয়া দ্রুত বয়ঃবৃদ্ধির পথে, কিন্তু বাংলাদেশে এখনো বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের অর্ধেক জনগণ ২৭ বছরের নিচে। মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো এখানে শিল্প স্থাপন করে বিশ্ববাজারে রপ্তানি করতে পারে। এতে দুই দেশেরই লাভ হবে।”
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।















