আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
- আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অনুদান দিচ্ছে সৌদি আরব। সৌদি সরকারের রাজকীয় গ্র্যান্ট থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে। এরই মধ্যে কয়েকটি বিভাগ থেকে জমির প্রস্তাব পাওয়া গেছে, বাকি বিভাগগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে।”
বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “দুই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন, যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অন্যদিকে, সৌদি সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশিরা ভূমিকা রাখছেন।”
এ বছর হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ধর্ম উপদেষ্টা সৌদি সরকার ও সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থায় কিছু উন্নয়নের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে— মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুমের সংখ্যা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, এবং মিনার তাঁবুতে বিছানার আকার বাড়ানো।
জবাবে সৌদি রাষ্ট্রদূত এসব প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেন।
আলোচনায় হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন এবং ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন নিয়েও কথা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঞ্জুরুল হক।














