মজলিস আমীরকে নিয়ে অশালীন মন্তব্য, দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
- আপডেট সময় : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও অন্যান্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (২৩ জুলাই) এক ফেসবুক পোস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদের পূর্ব সতর্কতার পরও ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের কিছু দায়িত্বশীল, কর্মী ও সদস্য সামাজিক মাধ্যমে অবিবেচকের মতো মন্তব্য করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনের সঙ্গে সুসম্পর্ক ও ভবিষ্যতের ঐক্যের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, যেসব ব্যক্তি এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাওলানা গাজী আরও বলেন, ইসলামী আন্দোলন একটি আদর্শ ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন। ব্যক্তিগত আবেগ, কটুক্তি কিংবা উসকানিমূলক আচরণ এই সংগঠনের আদর্শের পরিপন্থী। কারও ব্যক্তিগত দায়িত্বহীন আচরণের দায় সংগঠন নেবে না।
তিনি সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি সামাজিক মাধ্যমে সংযত আচরণ, ওলামায়ে কেরামের প্রতি সম্মান ও ইসলামী ঐক্যের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।













