মাইলস্টোন শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজন আহত
- আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নি’হ’ত শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘ’টনার শিকার হয়েছে। এতে আহত হয়েছেন তাঁর স্বজনেরা।
সোমবার (২১ জুলাই) রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমাইরার লাশ নিয়ে স্বজনেরা অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া গ্রামে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে গাড়িটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে লাশবাহী গাড়িতে থাকা কয়েকজন স্বজন আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালে পাঠায়। হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশাররফ হোসেন জানান, আহতরা গুরুতর ছিলেন না, প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা ছেড়ে যান।
পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে হুমাইরার লাশ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়ির পথে রওনা দেন।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সামিম জানান, দুর্ঘ’টনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং স্বজনদের সহায়তায় লাশ নিয়ে যাত্রা পুনরায় শুরু হয়।















