নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
যেভাবে বন্ধ হতে পারে গাজার গণহত্যা, জানালেন জেসিন্ডা আর্ডার্ন
- আপডেট সময় : ০৭:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

গাজায় চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধে এখনও একটি পথ রয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফিলিস্তিনকে বেশিরভাগ দেশ কর্তৃক স্বীকৃতি প্রদান সেই পথের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, যেকোনো ধরনের সামরিক সহায়তা বা সহযোগিতা বন্ধ করতে হবে। মানবিক সাহায্য দ্রুত পৌঁছাতে হবে গাজার ক্ষুধার্ত ও অবরুদ্ধ মানুষের কাছে। আহত, অপুষ্ট এবং গর্ভবতী ও নবজাতক মায়েদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে সামনে রেখে আর্ডার্ন বলেন, বিশ্ব নেতাদের প্রতি আমাদের আহ্বান জানাতে হবে—তারা যেন এসব মানবিক সংকটে কার্যকর পদক্ষেপ নেন, তা সেটা ইউক্রেনের যুদ্ধ হোক বা জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ।
তিনি আরও বলেন, আমাদের শুরু করা উচিত গাজা থেকে।
জেসিন্ডা আর্ডার্ন বলেন, আমরা একটি মানবিক সংকটে ভরা পৃথিবীতে বাস করলেও আমাদের উচিত সংখ্যার মাঝে মানবিকতা হারিয়ে না ফেলা।
২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি প্রায় চার বছর দায়িত্ব পালন করেন এবং কোভিড-১৯ মহামারির সময় তার প্রশংসনীয় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় যে সামরিক অভিযান চালিয়ে আসছে, তাতে এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এই ভয়াবহ আগ্রাসনে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং মারাত্মক দুর্ভিক্ষে অন্তত ৪৩৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।
সূত্র: দ্য গার্ডিয়ান
এসইউটি/















