সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে উত্তপ্ত কক্সবাজার, এনসিপিকে ক্ষমা চাইতে বলল বিএনপি
- আপডেট সময় : ০৪:৪১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্গারমূলক’ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।
শনিবার (১৯ জুলাই) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, “সালাহউদ্দিন আহমদ মাটি ও মানুষের নেতা। তাঁর নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুধু অশোভন নয়, তা রাজনৈতিক অশালীনতার পরিচায়ক।”
এর আগে দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এক পথসভায় সালাহউদ্দিনকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে আওয়ামী আমলে নারায়ণগঞ্জে গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল, জমি দখল, চাঁদাবাজি করছে—নাম বললাম না, আবার নাকি সংস্কার বোঝে না।”
এ বক্তব্যের পরপরই কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ঘুমগাছতলা, লালদীঘির পাড়, ঈদগাঁও, রামু, উখিয়া, টেকনাফসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। বিশেষ করে কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া অংশে বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
প্রতিবাদের মুখে এনসিপির পূর্বনির্ধারিত ঈদগাঁও ও চকরিয়ার পথসভা বাতিল করা হয়।
শনিবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। মিছিলে নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়: “সালাহ উদ্দিন আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “জুলাই জুলাই করিস না, জুলাই কারও বাপের না”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”—ইত্যাদি।
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তার ভেরিফায়েড ফেসবুকে লিখেন, “সালাহ উদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কি না, খতিয়ে দেখা দরকার।”
স্থানীয় বিএনপি নেতারা বলেন, এমন বক্তব্য রাজনীতির পরিবেশকে উত্তপ্ত করছে এবং অহেতুক উত্তেজনা তৈরি করছে। তারা দ্রুত এ বক্তব্য প্রত্যাহার ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।














