পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
- আপডেট সময় : ১০:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এতে এককভাবে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে না এবং কালোটাকা ও পেশিশক্তির দৌরাত্ম্যও হ্রাস পায়।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়। এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?”
তিনি আরও বলেন, “দেশের মানুষ প্রাণ দিয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের ক্ষমতায় আনার জন্য নয়। প্রয়োজনে আবারও মানুষ রাজপথে নেমে দেশকে মুক্ত করবে।”
সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল।
এসইউটি/














