হাটহাজারী মাদ্রাসায় হামলার নিন্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিবৃতি
- আপডেট সময় : ০২:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রবিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নেতৃদ্বয় বলেন, হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অন্যতম অগ্রণী কেন্দ্র। বিগত দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে এ প্রতিষ্ঠান সর্বদা সোচ্চার ছিল। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা অভিযোগ করে বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সুস্পষ্ট এবং এ কার্যক্রম ছিল পরিকল্পিত উস্কানি ছাড়া আর কিছু নয়। মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি কেবল একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।
বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, অবিলম্বে হামলাকারী এবং অনলাইন-অফলাইনে হামলার উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে আক্রমণের সাহস না পায়।
খেলাফত মজলিস আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান জানাতে, বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং শান্তি-সৌহার্দ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, হাটহাজারী মাদ্রাসার ঐতিহ্য ও ত্যাগ কখনো ব্যর্থ হবে না। হামলাকারীরা যেন সঠিক পথে ফিরে আসে—সেটিই হবে জাতির জন্য কল্যাণকর।
এসইউটি/














