গোয়ালন্দে পুলিশের ওপর হামলার মামলায় ৫ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে তৌহিদী জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), বালিয়াডাঙ্গী গ্রামের লাল মিয়ার ছেলে হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচর গ্রামের আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা, দেওয়ানপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২) ও কাজীপাড়া গ্রামের আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫)।
ওসি জানান, গত শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলার দরবার শরিফে। পাল্টা আক্রমণ চালান ভক্তরা। এতে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পরে দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপরও হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
এসইউটি/
















