গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়াল ৬৩ হাজার ৫০০, অনাহারে প্রাণ গেল ৩৪৮ জনের
- আপডেট সময় : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৫৭ জনে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৯৮ জন এবং আহত হয়েছেন আরও ৪০৪ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ পড়ে আছে বলে জানানো হয়। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৬০ জনে।
মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৪৬ জন এবং আহত হয়েছেন ২৩৯ জনের বেশি। এভাবে ২৭ মে থেকে এ পর্যন্ত শুধু সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ২৯৪ জন এবং আহত হয়েছেন ১৬ হাজার ৮৩৯ জন।
এছাড়া অনাহার ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪৮ জনে, এর মধ্যে ১২৭ জন শিশু।
২০২৪ সালের ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ড ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে। জাতিসংঘের সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়নে ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে এটি আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে।
অন্যদিকে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজার ৪২৬ জন এবং আহত হয়েছেন ৪৮ হাজার ৬১৯ জন। এর মধ্য দিয়ে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।
এসইউটি/
















