ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এ র্যালিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী চেতনার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। চার দশকেরও বেশি সময় ধরে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
ময়মনসিংহের আয়োজিত র্যালিতে অংশ নেওয়া নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ত্যাগ স্মরণ করেন এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, সালাউদ্দিন আহমেদ ও মজিবর রহমান মজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র্যালি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা বাড়িয়ে তোলে। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়, বরং দেশের রাজনৈতিক যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে বিএনপির নেতারা দলের গৌরবময় অতীতের কথা স্মরণ করে ভবিষ্যতেও জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আইজে/














