ইসলামপন্থীদের আপত্তি সত্ত্বেও বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন চালু
- আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ইসলামপন্থী দল ও বিভিন্ন মহলের আপত্তি এবং আন্দোলন উপেক্ষা করে বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনে চূড়ান্ত চুক্তি করেছে। এর মাধ্যমে তিন বছরের জন্য বাংলাদেশে সংস্থাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলো।
স্থানীয় সময় ১৮ জুলাই শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে বাংলাদেশ বিশ্বের ১৬টি দেশের কাতারে যুক্ত হলো, যেখানে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে অফিস পরিচালনা করে। বর্তমানে এই ধরনের কার্যালয় রয়েছে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গিনিসহ একাধিক দেশে।
মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, এই ধরনের অফিসের মূল দায়িত্ব হলো সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা। এতে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি কারিগরি সহায়তা প্রদান করা হয়।
এর আগে ১৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়। তবে ইসলামপন্থী দলগুলো এই সিদ্ধান্তকে দেশের স্বার্থের পরিপন্থী উল্লেখ করে তীব্র আপত্তি জানায় এবং কর্মসূচিও পালন করে।














