নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি
- আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এর দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা মডেল মসজিদের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমিয়তের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সঙ্গে সম্পৃক্ত করার জোর তৎপরতা চালিয়ে যান।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা জাকির হোসাইন দাদশী, মাওলানা মুহিউদ্দীন আজাদ ও হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ।
কাউন্সিলে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা জাকির হোসাইন দাদশীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহিউদ্দীন আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসইউটি/














