জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জে নুর গুরুতর আহত
- আপডেট সময় : ১০:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ না করায় পুলিশ লাঠিচার্জ চালায়। এতে নুরসহ কয়েকজন আহত হন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জাপা নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের মিছিল এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের দাবি, মিছিল যাওয়ার সময় জাপা নেতাকর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসইউটি/














