হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি হামলায় নিহত
- আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এ হামলার ঘটনা ঘটে বলে হুতিদের মুখপাত্র আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম আডেন আল-গাদ জানায়, আল-রাহাভির সঙ্গে তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন। তবে হতাহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি রাজধানী সানার বাইরে চালানো আরেকটি হামলা থেকে আলাদা ছিল। লক্ষ্যবস্তু করা হয়েছিল হুতিদের শীর্ষ নেতাদের বৈঠককে। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান জানায়, আল-রাহাভি এক বছরেরও কম সময় ধরে হুতিদের প্রধানমন্ত্রী পদে ছিলেন। যদিও আন্তর্জাতিকভাবে তার সরকারকে স্বীকৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, আল-রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি সরাসরি ইসরাইলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছিলেন।
এসইউটি/
















