জুলাই সনদ চূড়ান্ত করার আগে রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি
- আপডেট সময় : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

জুলাই সনদ চূড়ান্ত করার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ অভিযোগ করেন।
তিনি বলেন, “জুলাই সনদ চূড়ান্ত না করে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।”
আরিফুল ইসলাম আদীব আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। এ দায়ভার বহন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।
এনসিপির দাবি, কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করা জরুরি; কারণ এর সঙ্গে সরাসরি নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে। সনদ বাস্তবায়নে স্পষ্টতা না থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গণবিশ্বাসের সংকট তৈরি হতে পারে।
এসইউটি/














