চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- আপডেট সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙ-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নোরিনকো গ্রুপের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও আলোচনায় স্থান পায়।
এ সফরে সেনাপ্রধান পিপলস লিবারেশন আর্মির অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা, সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার এবং নোরিনকো গ্রুপের বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তিনি চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কোং লিমিটেড ও অ্যাইশেং ইউএভি ফ্যাক্টরিসহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির অন্যান্য প্রতিষ্ঠানও ঘুরে দেখেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেছিলেন।















