খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:২২:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে বিএনপির মহাসচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।













