বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই
- আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই করা হয়।
এ ছাড়া সই হওয়া এমওইউগুলো হলো—
দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন,
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও পাকিস্তান ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা,
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এপিপিসির মধ্যে সহযোগিতা,
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) মধ্যে সহযোগিতা।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি খাত, জনগণের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে।















