খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
দলীয় সূত্র জানায়, রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশনের আয়োজনে সংবর্ধনায় যোগ দেন তিনি। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
আগামীকাল সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ সময় ব্যবসা-বাণিজ্যসহ ৬-৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।













