ছাত্র রাজনীতি নিয়ে জাতীয় মসজিদের খতিবের বিস্ফোরক মন্তব্য
- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

দেশের ছাত্র রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। তার মতে, ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা তাদের ওপর ‘জুলুম’।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়—এটা ছাত্রদের ওপর জুলুম। কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্র সংগঠন আছে। কেন সেটা? এটা জুলুম।”
খতিব আবদুল মালেক বলেন, শুধু সাধারণ রাজনৈতিক দলই নয়, ইসলামী দলগুলোও অনেক ক্ষেত্রে ছাত্রদেরকে—বিশেষত মাদ্রাসার শিক্ষার্থীদের—ব্যবহার করছে। এটিও অন্যায় ও জুলুম বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো—সেটা বিশাল জুলুম, কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে।”
বায়তুল মোকাররম খতিব মনে করেন, ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানোর রাস্তা বন্ধ করা এখন সময়ের দাবি।














