জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
- আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

সামরিক অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারারুদ্ধ নেতা ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরানের জামিন মঞ্জুর করেন। এর আগে লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।
আদেশে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকায় আপাতত মুক্ত হতে পারছেন না তিনি।
২০২৩ সালের মে মাসে ইমরানের গ্রেপ্তারের পর তার সমর্থকরা সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ৭২ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলার মুখোমুখি হচ্ছেন তিনি। একইসঙ্গে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু নেতাও মামলার জালে জড়িয়ে পড়েছেন।
সূত্র: আনাদোলু নিউজ
















