২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস
- আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে ২২৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমীর শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় অবস্থান ব্যাখ্যা করে নেতারা জানান, খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদে নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক দ্বিকক্ষীয় (বাইক্যামেরাল) সাংবিধানিক কাঠামোর পক্ষে রয়েছে।
নেতারা বলেন, “একদলীয় শাসনব্যবস্থা দেশের জন্য ক্ষতিকর। অনুপাতিক পদ্ধতিই পারে রাজনৈতিক বৈচিত্র্য ও জনগণের প্রকৃত রায়কে প্রতিফলিত করতে।”
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শিবিরেই এখন পারস্পরিক আক্রমণ চলছে, যা ফ্যাসিবাদীদের উৎসাহ দিচ্ছে। এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার।”
তিনি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রশাসন শুরুতে শৈথিল্য দেখালেও সেনাবাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারীদের প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে।”
মামুনুল বলেন, “গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এর রয়েছে ইসলাম ও মুসলমানদের কল্যাণে গৌরবোজ্জ্বল ভূমিকা। এখানকার মানুষই এসব সন্ত্রাসীদের প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”














