দেশে আর চাঁদাবাজ-দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম
- আপডেট সময় : ১২:৪৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে আমরা আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না। তিনি অভিযোগ করে বলেন, দেশে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যা দখল হয়নি, বিচারালয়গুলোকেও দখল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়িনি। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয়নি, আবু সাঈদ তার বুক পেতে দেয়নি। তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এবং ইসলামবিরোধী সব ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি নুরুল ইসলাম হাকিমী। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা ওয়ালীউল্লাহ ও মুফতি ওমর ফারুক ওফা। এতে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি জসিম উদ্দিন পাঠান, ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামূল হক মুর্শেদ, ইসলামী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম, জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা মামুনুর রশিদ রব্বানী প্রমুখ।
সমাবেশে শায়েখে চরমনাই নেত্রকোনার পাঁচটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। তারা হলেন—নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে মাওলানা মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে মাওলানা আব্দুল কাইয়ুম, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাকির হোসেন সুলতান, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে হাফেজ মাওলানা মুখলেছুর রহমান এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মুফতি নূরুল ইসলাম হাকিমী।













