মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস
- আপডেট সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা ১০ কোটি টাকার মানহানির মামলা দিয়ে ভয় দেখানো যাবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, “আমার নামে ১০ কোটি টাকার মামলা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।”
বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, “বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করেছে। আমরা বিশ্বাস করি, তারা বিএনপির প্রকৃত প্রতিনিধিত্ব করে না। আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন, আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হতাম। কিন্তু আজ অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বললে আমার নামে কোটি টাকার মামলা হয়। আওয়ামী লীগ, বিএনপি কিংবা এনসিপি—যেই হোক, অন্যায় হলে ছাড় দেবো না।”
ডিবি অফিসে রুহুল কবীর রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও অন্য সাহসী নেতাদের সঙ্গে একসঙ্গে আটক থাকার স্মৃতিচারণ করে সারজিস বলেন, “সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম। আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকার অর্থে দেশের প্রতি ভালোবাসা থাকলে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”













