চোখের সামনে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা ঈমানি দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

চোখের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা প্রতিহত করা ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষের ওপরও যেন হামলা না হয়, সেজন্য সবাইকে প্রতিবাদী হতে হবে। “মানুষ অহিংস হয়ে গেছে, এখন অনেকে ঘটনার সময় প্রতিহত না করে শুধু ভিডিও করতে ব্যস্ত থাকে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে,” যোগ করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই আন্দোলনে নিরীহ লোকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। “আমরা চাই কোনো নিরীহ মানুষ আইনের আওতায় না আসে। কিছু টাকার জন্য নিরীহ লোককে আসামি করা হয়েছে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে ২০ জন খুন হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা এবং জনগণ সবাই সুষ্ঠু নির্বাচন চাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, তা নেওয়া হবে।”
অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতার পাশাপাশি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার কথা জানান তিনি। নির্বাচনকালে নিরাপত্তায় পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
বডি ক্যামেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশ, কারারক্ষী ও বিজিবির কাছে কিছু ক্যামেরা আছে। আরও ৪০ হাজার ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি থানা হেডকোয়ার্টারেও বডি ক্যামেরা দেওয়ার চিন্তা চলছে।














