আমাদের কিছু বন্ধু এখন আ’লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী
- আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী অভিযোগ করেছেন, তাদের কিছু রাজনৈতিক বন্ধু এখন আওয়ামী লীগের মতো ভাষায় কথা বলছেন এবং একইভাবে রাজনীতি করছেন।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টায় নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে গণসংযোগকালে তিনি বলেন, “যদি ভাষা, আচরণ ও জুলুমের পরিবর্তন না হয়, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন কী ছিল? এত মানুষের জীবন দেওয়ার দরকার কী ছিল?”
মাসুদ সাঈদী বলেন, “১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে। সেই রাজাকারের বিরুদ্ধে ছাত্রজনতা ফুঁসে উঠেছিল। আজ আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছেন। এতদিন আমাদের সঙ্গে ছিলেন, তখন কি তারা রাজাকার ছিলেন না? একুশ বছর জোট করে আন্দোলন করলেন, তখন জামায়াত রাজাকার ছিল না? আজ হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? এগুলো বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।”
তিনি অভিযোগ করেন, “এগুলো ভারতের শেখানো কথা। বাংলাদেশকে বিভাজনের রাজনীতি আওয়ামী লীগ করেছে, আর এখনো কিছু পোষ্য দালাল সেই বিভাজন টিকিয়ে রাখার চেষ্টা করছে।”
দাঁড়িপালায় ভোট প্রার্থনা করে মাসুদ সাঈদী বলেন, “৫০০ মানুষের জন্য ইমাম নির্বাচন করতে যেমন যাচাই-বাছাই করা হয়, তেমনি তিন-চার লাখ মানুষের প্রতিনিধি বাছাইও সেভাবেই করা উচিত। তা না হলে অতীতের মতোই জালিম আমাদের ওপর চেপে বসবে।”
তিনি বলেন, “আমার বাবা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরের উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছিলেন, কিন্তু জালিমেরা তা সহ্য করতে পারেনি। তাকে মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে রেখে হত্যা করেছে। আপনাদের ভালোবাসা ও আল্লাহর দয়ায় সুযোগ পেলে বাবার অসমাপ্ত কাজ শেষ করবো।”
এসময় উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন সঞ্চালনা করেন সভা।













