এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে: আসিফ মাহমুদ
- আপডেট সময় : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

“আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে”—এই বার্তাটি ড্রোন শো-এর মাধ্যমে ফুটে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। বার্তাটি মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুকে শেয়ার করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “সেল্ফ ক্রিটিক”।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে শেখ হাসিনা দেশত্যাগ করেন। তার এক বছর পূর্তিতে রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ‘ডু ইউ মিস মি’ নামের ড্রোন শো ছিল এ আয়োজনের অন্যতম আকর্ষণ।
ড্রোন শো-এর অংশ হিসেবে উল্লিখিত বার্তাটি প্রদর্শিত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রসঙ্গত, ৪ আগস্ট (সোমবার) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যা ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে সেই পোস্ট সরিয়ে ফেলা হয়। আসিফ মাহমুদের শেয়ার করা বার্তাটি ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রদর্শিত হয় বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট ডিলিট করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।















