‘গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারিনি’ — আদালতে চাঁদাবাজ রিয়াদের স্বীকারোক্তি
- আপডেট সময় : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ঢাকার গুলশান থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তিনি স্বেচ্ছায় এই জবানবন্দি দেন।
রিয়াদ আদালতে বলেন, “আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। অপু ও আমি ১০ লাখ টাকা সমানভাবে ভাগ করে নিয়েছি।” তিনি জানান, গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তারা এই অর্থ আদায় করেন।
জবানবন্দিতে রিয়াদ উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাকির হোসেন মঞ্জুর মাধ্যমে তিনি গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। পরে গুলশান থানার পুলিশের সহযোগিতায় তারা সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। প্রথম দফায় ভেতরে ঢুকে চাপে ফেলে ১০ লাখ টাকা আদায় করেন।
পরবর্তীতে আরও ৪০ লাখ টাকা নিতে গেলে ২৫ জুলাই পুলিশ তাদের আটক করে। অপু সেসময় পালিয়ে যায়।
রিয়াদ জানান, বাসা থেকে শাম্মী আহমেদের এয়ারপড নিয়ে যাওয়া, ভয় দেখানো, এবং টাকা দাবি করার পুরো পরিকল্পনায় অপু সক্রিয় ছিল।
আলোচিত মামলার বাকি তিন আসামি মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকেও রোববার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা সবাই গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।















