ধর্ষণের দায়ে ভারতের সাবেক এমপি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন
- আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ভারতের সাবেক সংসদ সদস্য ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। শনিবার (২ আগস্ট) এমপি-এমএলএদের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট এই রায় ঘোষণা করেন।
৩৪ বছর বয়সী রেভান্নার বিরুদ্ধে ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা দায়ের করা হয়। এই মামলাগুলোর মধ্যে একটিতে আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন। পাশাপাশি আদালত তাকে ১১ লাখ রুপি জরিমানাও করেছে।
ভুক্তভোগী নারী প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউসে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে তিনি সেখানে যৌন নিপীড়নের শিকার হয়ে আসছিলেন।
রায় ঘোষণার সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন প্রজ্বল রেভান্না। নিজের অপরাধ স্বীকার করে বলেন, “আমার একটি পরিবার আছে। আমি ছয় মাস ধরে মা-বাবাকে দেখিনি। দয়া করে কম শাস্তি দিন।” তবে আদালত তার আবেদনে কর্ণপাত করেনি।
অন্যদিকে, রেভান্নার পরিবার দাবি করেছে, এ রায় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা অভিযোগ করেছে, কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকার প্রতিহিংসামূলকভাবে মামলাগুলো প্রভাবিত করেছে।
প্রজ্বল রেভান্না ২০২৪ সালের ৩১ মে জার্মানি থেকে ভারতে ফিরলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তিনি একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়ার পর ইউরোপে পালিয়ে যান। বর্তমানে বাকি তিনটি মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
















