জুয়ার বোর্ড থেকে হাতেনাতে ধরা বিএনপি ও আ. লীগের ৪ নেতা
- আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের দুলারচর এলাকায় একটি জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে সখিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আটক চারজন হলেন—আওয়ামী লীগ নেতা শফি দেওয়ান (৫৩), দাদন দেওয়ান (৫০), বিএনপি নেতা জিতু মল্লিক (৫০) ও স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন সরকার (৪৮)। তারা সবাই স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক নেতাও বটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দুলারচর এলাকায় জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
স্থানীয় মুদি দোকানদার লিয়াকত আলী বলেন, “প্রতিদিন রাতে বাজার এলাকায় জুয়ার আসর বসত। আমরা বারবার আপত্তি জানিয়েছি, কিন্তু কেউ কিছু বলেনি। ওরা রাজনৈতিক নেতা হওয়ায় সবাই ভয় পেত।”
বাসিন্দা রহিম দেওয়ান বলেন, “দিনে রাজনীতি, রাতে জুয়া খেলে সমাজ নষ্ট করছিল ওরা। অনেক আগেই জানিয়েছিলাম, এবার অন্তত ব্যবস্থা হয়েছে।”
বিএনপি নেতা জিতু মল্লিক ও আল আমিনকে নিয়ে কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম বেপারি বলেন, “তারা দলের কর্মী। আমি নিজে থানা কমিটির সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেব। আইন অনুযায়ী যা হয়, তাই হওয়া উচিত।”
সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, “চারজনকে হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
















