নির্বাচনে মোতায়েন হবে ৬০ হাজার সেনা সদস্য: প্রেস সচিবের ঘোষণা
- আপডেট সময় : ০৮:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানান তিনি।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের লক্ষ্যে একটি মিডিয়া সেন্টার স্থাপনের নির্দেশও দিয়েছেন তিনি।
শফিকুল আলম বলেন, “পুলিশ অনেক ভালো কাজ করলেও তা প্রচারের অভাবে সাধারণ মানুষ জানতে পারে না। মিডিয়া সেন্টার থাকলে সেই ঘাটতি পূরণ হবে।”
তিনি আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনরায় জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত ওই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, “নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”















