হাটহাজারী মাদরাসা এলাকায় সবধরনের গান-বাজনা বন্ধে সরকারের পদক্ষেপ দাবি কতৃপক্ষের
- আপডেট সময় : ১১:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ রবিউল আউয়াল উপলক্ষে জুলুসযাত্রীদের উস্কানিমূলক আচরণ, কবরে ইটপাটকেল নিক্ষেপ, শিক্ষার্থীদের ওপর হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
রোববার দুপুরে মাদরাসা মিলনায়তনে মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ১২ রবিউল আউয়ালে উত্তর চট্টগ্রামের জুলুসযাত্রীরা শতাধিক গাড়ি নিয়ে হাটহাজারী অতিক্রমকালে বিকট শব্দে গান-বাজনা, অশ্লীল নৃত্য ও উস্কানিমূলক স্লোগান করে। এসময় আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নামাজ চলাকালে মসজিদের প্রতি অবমাননাকর আচরণ করা হয় এবং রাতে বাজারে যাওয়া শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে ৩০–৩৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা দোকানপাট ভাঙচুর ও নগদ অর্থসহ মূল্যবান দ্রব্য লুট করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মুফতি খলীল আহমদ কাসেমী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, প্রশাসনের গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তিনি আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, ঘটনার পূর্ণ তদন্ত এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
একইসঙ্গে ভবিষ্যতে হাটহাজারী মাদরাসা এলাকায় জুলুস, উরশ বা মাজার কেন্দ্রিক গাড়ি যেন গান-বাজনা ও স্লোগান দিয়ে পরিবেশ অশান্ত করতে না পারে, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এসইউটি/
















