৩ মাসের শিশুকে নদীতে ফেলে দিলেন মা, ৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ
- আপডেট সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদী থেকে তিন মাসের শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ করা হলেও পরে জিজ্ঞাসাবাদে মা সন্তানের মরদেহ নদীতে ফেলার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিশু মারিয়াকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন মা কানুন আক্তার। দুপুরে তিনি একা বাড়ি ফিরে এসে দাবি করেন, দুর্বৃত্তরা তাকে অচেতন করে শিশু চুরি করেছে। পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ তদন্তে নামে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে কানুন আক্তার স্বীকার করেন যে, তিনি নিজেই শিশুকে নদীতে ফেলে দেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।
শিশুর বাবা রফিকুল ইসলাম জানান, তার স্ত্রী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসইউটি/












