হিজাব-পর্দা নিয়ে অস্থিরতার স্থায়ী সমাধান প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ
- আপডেট সময় : ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

হিজাব ও পর্দা নিয়ে দুদিন পরপর যে অস্থিরতা তৈরি হচ্ছে, এর স্থায়ী সমাধান হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
রবিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ।
শিখ ধর্মাবলম্বীদের পাগড়ির উদাহরণ টেনে তিনি বলেন, “পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না!”

তিনি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ড্রেসকোডের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করা উচিত।
শায়খ আহমাদুল্লাহর মতে, এটি শুধু ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়, বরং সাংবিধানিক অধিকারের সুরক্ষার সঙ্গেও সম্পৃক্ত।
এসইউটি/












