ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন জামাল উদ্দীন খালিদ
- আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ নেতা জামাল উদ্দীন মুহাম্মাদ খালেদ।
প্যানেলের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমস্যা সমাধানকল্পে আমাদের পরিকল্পনা”।
জামাল উদ্দীন খালেদ বলেন, “কোনো বড় ব্যাকআপ ছাড়াই সর্বোচ্চ চেষ্টা করে এতদূর এসেছি। বাকিটা শিক্ষার্থীদের হাতে। আমি যদি কিছু করে দেখাতে পেরে থাকি, শিক্ষার্থীরা অবশ্যই তার মূল্যায়ন করবেন বলে বিশ্বাস রাখি।”
প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, “আমাদের প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠে এসেছে। মন্ত্রীপাড়া বা লন্ডন থেকে তৈরি করে দেওয়া হয়নি।”
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেমা শারমিন এ্যানি। তিনি বলেন, “ডাকসুকে নিয়মিতভাবে প্রতিষ্ঠা করতে পারলে ক্যাম্পাস থেকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির নোংরা সংস্কৃতি দূর হবে। শিক্ষার্থীরা ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত থেকে তাদের দাবি নীতিনির্ধারণী পর্যায়ে নিশ্চিন্তে উপস্থাপন করতে পারবে।”
প্যানেল ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামাল খালেদ বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে লেজুরভিত্তিক রাজনীতি ও রাজনৈতিক সন্ত্রাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে ধ্বংস করেছে। তাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধানই হবে তাদের মূল লক্ষ্য।
সমন্বিত শিক্ষার্থী সংসদের কর্মপরিকল্পনা
১. হলে আবাসন সংকট দূর করা এবং স্বাস্থ্যসম্মত থাকার পরিবেশ নিশ্চিত করা।
২. পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিকল্পনা অনুযায়ী মানসম্মত ক্যান্টিন স্থাপন।
৩. নারী শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে পরিবহন সুবিধা বৃদ্ধি।
৪. রেজিস্ট্রার ভবনের সেবায় ভোগান্তি কমাতে ডিজিটাল অ্যাপ চালু করা।
৫. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৬. শিক্ষা ও গবেষণা উন্নয়নে কার্যকর উদ্যোগ।
৭. ক্ষমতা ধরে রাখার অপসংস্কৃতি বন্ধ করে মেয়াদ শেষে ডাকসু নির্বাচন আয়োজন।
৮. রাজনৈতিক দলনির্ভরতা থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে স্বশাসিত কাঠামো শক্তিশালী করা।
সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল (ডাকসু নির্বাচন ২০২৫)
সহ-সভাপতি (ভিপি): মোঃ জামাল উদ্দীন খালেদ, সাধারণ সম্পাদক (জিএস): মোঃ আবু সায়াদ বিন মাহিন সরকার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ফাতেহা শারমিন (এ্যানি), মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক: ইমরান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক: মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহন সম্পাদক: রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক: মোঃ ফাইজুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মেহেরিন আফরোজ মাইশা।
সদস্য:
মোঃ গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মোঃ আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞা, মোঃ আকাশ শাহ, মোঃ ইসমাইল হোসেন, মাসুম বিল্লাহ।
















