ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০১:২৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। কমিটির ঘোষণার প্রতিবাদ জানিয়ে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান।
গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বলেন, নতুন কমিটি ঘোষণায় তারা দুঃখ ও হতাশা প্রকাশ করছেন। তাদের আশঙ্কা, এর ফলে ক্যাম্পাসে আবারও জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতে পারে।
প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, হলে সিট পেতে গেলে রাজনৈতিক ‘বড় ভাইদের’ অনুসরণ করে বাধ্যতামূলকভাবে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সংস্কৃতি ফের চালু হতে পারে। তারা বলেন, “আমরা চাই পড়াশোনার পরিবেশ, রাজনীতির নামে সন্ত্রাস নয়।”
শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে ছাত্র রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, দখলবাজি ও ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল। তারা আশঙ্কা প্রকাশ করেন, নতুন কমিটি ঘোষণার পর সেই পরিস্থিতি ফের দেখা দিতে পারে।
প্রতিবাদকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ছাত্র রাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও নিরপেক্ষ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।















