ভালো নেই কারাবন্দী নির্যাতিত আলেম ইনআমুল হাসান ফারুকী
- আপডেট সময় : ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

কারাগারের রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের ধকলেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বিশ্বস্ত খাদেম ও খলিফা মাওলানা ইনআমুল হাসান ফারুকী। সেই থেকে শুরু হয় তার মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া।
গ্রেপ্তারের পর অকথ্য নির্যাতনের শিকার হন ফারুকী। শরীর ভেঙে পড়লে জামিনে মুক্তি দেওয়া হলেও অল্পদিনের মধ্যেই ধরা পড়ে ক্যান্সার। বাংলাদেশে চিকিৎসা ব্যর্থ হলে ভারতে নেওয়া হয় তাকে। সেখানে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা জানান—আর কোনো চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড, আমেরিকা বা চীনে নিতে হবে।
এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতে চার দফায় কেমোথেরাপি এবং চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৩১ লাখ ৪৫ হাজার টাকা। মামলা মোকাবিলায় ব্যয় হয়েছে আরও প্রায় ৩৬ লাখ টাকা। এখনো চিকিৎসা অব্যাহত রাখতে প্রয়োজন অন্তত ৪০ থেকে ৪৫ লাখ টাকা। অথচ অর্থাভাবে গত তিন মাস ধরে চিকিৎসা কার্যত বন্ধ হয়ে আছে। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
মাওলানা ফারুকী বলেছেন, ‘যদি আল্লাহ চান আর মানুষের সহযোগিতা মেলে, তবে আমি আবার চিকিৎসার টেবিলে বসতে চাই। জীবনকে বাঁচাতে শেষ চেষ্টা করতে চাই।’
দেশবাসীর কাছে তিনি দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগলেও শেষ আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের দিকে।
আল্লামা বাবুনগরী রহ.-এর এই বিশ্বস্ত খলিফা ও ছায়াসঙ্গীর জন্য দোয়া ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে সর্বস্তরের মানুষের প্রতি।
এসইউটি/












