দুদকের দুই মামলা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের নামে ৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
- আপডেট সময় : ০৮:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, বীর বাহাদুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৯ কোটি ১৭ লাখ টাকার সম্পদ দখলে রাখা ও মোট ৫৮ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, তার বৈধ আয় ২০ কোটি ৩৮ লাখ হলেও তার নামে ২৯ কোটি ৫৬ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে।
তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার বৈধ আয় ৫ কোটি ৯২ লাখ হলেও ৯ কোটি ২৮ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার ৬টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১৫ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানায় দুদক।
এইসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বীর বাহাদুর গা ঢাকা দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে খুঁজছে পুলিশ।












