আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও খেলাফতের, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত: আমীরে মজলিস
- আপডেট সময় : ০৫:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের। ভারতপন্থী, আমেরিকাপন্থী, বেইজিংপন্থী কোন পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে মজলিস আরও বলেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই । আমরা বাংলাদেশে সত্যিকারের ইনসাফপূর্ণ বৈষম্যহীন দেশ গড়তে চাই। সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি।
তিনি আরও বলেন, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হয় সেটি কেবল বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিআর পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্স কাঁধের উপর বসতে দেওয়া হবে না।
তিনি গোপালগঞ্জের উদ্দেশ্যে বলেন, মাওলানা শামসুল হক ফরিদপুরীর এই গোপালগঞ্জ, ইসলামের ঘাটি হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে শহরের পৌর পার্কে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। গণসমাবেশে জেলার ৫ উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর থেকে মিছিল সহকারে জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। প্রধান অতিথি পৌঁছানোর আগেই পৌর পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এসইউটি/










