হাটহাজারী মাদরাসায় বিদআতিদের হামলার ঘটনায় থানার ওসি প্রত্যাহার
- আপডেট সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের ওপর মাজারপন্থিদের হামলার ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।
এর আগে বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করে মাদরাসা কর্তৃপক্ষ। একই দাবিতে রাতেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদরাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর অঙ্গভঙ্গির পোস্ট দিলে কওমি মহল ও স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে তাকে আটক করে। আটক আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুছার ছেলে। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান।
এসইউটি/











