রক্তদানে উৎসাহিত করলেন মসজিদুল হারামের দুই ইমাম
- আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস এবং ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহিত করেছেন।
সোমবার (২৫ আগস্ট) তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত বার্ষিক রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সবার আগে নিজেরাই রক্তদান করে এ উদ্যোগের সূচনা করেন দুই ইমাম।

এ সময় তারা বলেন, প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে রক্তদানের উদ্যোগ গভীরভাবে সম্পর্কিত। তাই স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি আরও প্রসারিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে সৌদি জুড়ে রক্তদানে ব্যাপক সাড়া মিলেছে। ধর্মীয় ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছেন। জাতীয় রক্তব্যাংকের মজুত বাড়ানো এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ অভিযানের মূল লক্ষ্য।

এ উদ্যোগে সহযোগিতা করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদান ইউনিট মোতায়েন করা হয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন











