পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ আগস্ট বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি।
সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, স্পারসোর চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম, ওয়াকফ প্রশাসনের প্রতিনিধি শামীম আহমেদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।











