আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: ড. মিজানুর রহমান আজহারী
- আপডেট সময় : ১২:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

প্রখ্যাত আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আজ ১৪ আগস্ট, আল্লামা সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এদিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন, আল্লামা সাঈদী সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং তাকে চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের বিচারের দাবি জানান তিনি।
এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও অভিযোগ করেন, পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। তিনি বলেন, চিকিৎসায় অবহেলার বহু প্রমাণ রয়েছে, এমনকি মৃত্যুর আগে পরিবারকেও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের সুযোগ না দিয়ে পুলিশ তৌহিদী জনতার ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শতাধিককে আহত করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ড. মিজানুর রহমান আজহারী তার পোস্টে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
তার পোস্টে অসংখ্য অনুসারী আমিন লেখেন। কেউ কেউ মত দেন যে আল্লামা সাঈদীর জীবন ও কর্ম নিয়ে প্রজন্মকে জানাতে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা জরুরি।










