সংবাদ শেয়ার করার আগে যাচাইয়ের আহ্বান কাবার ইমাম শায়খ আদ-দাওসারীর
- আপডেট সময় : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

মসজিদুল হারামের খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী মুসলিমদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, কোনো সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি এ আহ্বান জানান।
খুতবায় শায়খ ইয়াসির বলেন, ভুয়া অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য ও বিভ্রান্তিকর ফতোয়া প্রচার করা হচ্ছে, যা সমাজে বিভাজন সৃষ্টি ও আলেমদের মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি সবাইকে সতর্ক করেন।
তিনি বলেন, “কে কী বলছে বা শেয়ার করছে—তা সম্পর্কে সবাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই সামাজিক মাধ্যমে যা-তা শেয়ার না করে দায়িত্বশীল আচরণ করা আবশ্যক।”
স্মার্টফোন ও প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সতর্ক করে কাবার ইমাম বলেন, “বর্তমানে স্মার্টফোন মানুষকে সংযুক্ত করার বদলে বিচ্ছিন্ন করে দিচ্ছে। ঘরে-বাইরে মানুষ একসঙ্গে থাকলেও একে অপর থেকে দূরে সরে যাচ্ছে।”
তথ্যপ্রযুক্তি ব্যবহারে সৌদি আরবের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, “সৌদি আরব প্রযুক্তিকে সমাজসেবায় কাজে লাগাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধেও আমাদের সচেতন হতে হবে।”
ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে প্রযুক্তির বাইরে সময় কাটানো দরকার।”










