মাত্র ১৭৫ দিনে কোরআনের হাফেজ শিশু তানভীর
- আপডেট সময় : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন চাঁদপুরের শাহরাস্তির শিশু ছায়েদুজ্জামান তানভীর। শনিবার দুপুরে শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির বাসিন্দা ও পান বিক্রেতা মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। মাত্র ৮ বছর বয়সেই তার এই অনন্য কীর্তি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, “তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।”
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানের শিক্ষাসচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে হিফজ সম্পন্ন করেছে। মাদ্রাসার ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।”
তিনি আরও জানান, এর আগে একই প্রতিষ্ঠানে তৌহিদুল হাসান তাহসিন নামে এক শিক্ষার্থী ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও পারিবারিক অবস্থার দিক থেকে তানভীরের অর্জন আলাদা গুরুত্ব বহন করে।
অনুষ্ঠানে হাফেজ তানভীরকে সংবর্ধনা জানানো হয় এবং নতুন ৩৩ ছাত্রের পাঠদানের সূচনাও করা হয়।











