মসজিদের ইমাম ১১৮ বছর বয়সী ক্বারী মজিদ মোল্লা
- আপডেট সময় : ১০:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে ১১৮ বছর বয়সেও কোরআন শরিফ চশমা ছাড়া তেলাওয়াত ও মসজিদে ইমামতি করে আসছেন প্রবীণ ক্বারী মজিদ মোল্লা। তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সী ও সকিনা বিবি দম্পতির সন্তান।
বাংলা ১৩১৫ সনে জন্ম নেওয়া ক্বারী মজিদ মোল্লা তিন ভাইবোনের মধ্যে মেজ। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় পেরোলেও তিনি এখনো সুস্থ আছেন। প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় ও ইমামতি করেন। চশমা ছাড়াই সাবলীলভাবে কোরআন পড়েন তিনি।
স্থানীয়রা জানান, তিনি নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান, তাদের কোরআনের আয়াত শোনান এবং পরিবারের জন্য এক থেকে দেড় কিলোমিটার পথ হেঁটে বাজার করেন। শৈশবে কুমিল্লার হজরত ইব্রাহিম কারী মাদরাসা থেকে ক্বারী পাশ করার পর নিজ এলাকায় ফিরে ইমামতি শুরু করেন।
তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। আর্থিক সংকটে সন্তানদের উচ্চশিক্ষা করাতে না পারলেও বর্তমানে ছেলেরা ঢাকায় চাকরি করে সংসার চালাচ্ছে। মসজিদ নির্মাণেও তিনি ভূমিকা রেখেছেন এবং এখনো জামাতে নামাজ পড়াতে আনন্দ পান।
স্থানীয় মুসল্লিরা জানান, ১১৮ বছর বয়সেও মজিদ মোল্লা লাঠির ভরসায় গ্রামের পথে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছেন। কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল বলেন, আবদুল মজিদ ক্বারী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
এসইউটি/











